আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন প্রকাশে আইনি নোটিশ
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকার ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের আট কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম এম জি সারওয়ার নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক, তদন্ত কমিটির দুই কর্মকর্তা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
নোটিশে বলা হয়, গত ২৭ মে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের মগবাজার শাখায় ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যু দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে হাসপাতালটির অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট, জরুরি চিকিৎসাসেবায় ব্যর্থতা, অতিরিক্ত রোগীর চাপ, অপর্যাপ্ত বায়ু চলাচলব্যবস্থা, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ থাকা এবং অবকাঠামোগত ত্রুটির বিষয় উঠে এসেছে।
নোটিশে দাবি করা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক তদন্তে এসব অবহেলা ও প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ পাওয়া গেছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি এবং ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, হাসপাতালের অবকাঠামোগত দুর্বলতা এবং বিদ্যমান আইন ও বিধিমালার লঙ্ঘনের বিষয়গুলো দীর্ঘদিন ধরে বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো যথাযথ তদারকি ও আইন প্রয়োগে ব্যর্থ হয়েছে। ফলে এ ঘটনা শুধু চিকিৎসা অবহেলার বিষয় নয়, বরং সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে নিশ্চিত জীবন ও আইনের সুরক্ষা পাওয়ার মৌলিক অধিকারের গুরুতর লঙ্ঘন।
নোটিশে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাটিকে গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে অভিহিত করলেও দায়ীদের বিরুদ্ধে কার্যকর আইনগত পদক্ষেপের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে উল্লেখ করা হয়। এমনকি সংশ্লিষ্ট থানার পক্ষ থেকেও অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়েছে।
নোটিশে চারটি দাবি উত্থাপন করা হয়েছে — তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন অবিলম্বে প্রকাশ, তদন্তের ভিত্তিতে গৃহীত সব প্রশাসনিক ও আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য প্রকাশ, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়ে থাকলে তার কারণ ব্যাখ্যা এবং দায়ীদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণ জানানো। সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
ব্যারিস্টার এম এম জি সারওয়ার বলেন, ছয় নবজাতকের মৃত্যু শুধু একটি হাসপাতালের অবহেলার ঘটনা নয়, বরং স্বাস্থ্যসেবা ব্যবস্থার জবাবদিহিতা ও নাগরিকের জীবন রক্ষার সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুতর বিষয়। এ ঘটনায় স্বচ্ছ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে