Views Bangladesh Logo

আইনজীবী সাইফুলের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড তোলা হচ্ছে: ধর্ম উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গড়ে তোলা হচ্ছে। এই ফান্ড সংগ্রহের দায়িত্বে আছে মানবিক সংগঠন শামসুল হক ফাউন্ডেশন।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের লোহাগাড়ার পানত্রিশা গ্রামে শহীদ আইনজীবী আলিফের কবর জিয়ারত ও মোনাজাত শেষে এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনে। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

উপদেষ্টা বলেন, প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন। কিন্তু তাকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি রাষ্ট্র। এই সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনোভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেয়া যাবে না।

একইসঙ্গে দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান ধর্ম উপদেষ্টা।

ইসকন নিষিদ্ধের বিষয়ে ড. খালিদ বলেন, এ বিষয়টি আদালতের ব্যাপার। সুতরাং এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

এ সময় আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ন্যায়বিচারে অন্তর্বর্তী সরকারের দৃঢ় মনোভাব ব্যক্ত করেন ধর্ম উপদেষ্টা। এর পাশপাশি তিনি সাইফুলের পিতার হাতে শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ হতে এক কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির অংশ হিসেবে নগদ এক লাখ টাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ হতে ৫ লাখ টাকার চেক ও আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ টাকা তুলে দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ