Views Bangladesh Logo

রাজধানীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর গাবতলীর দ্বীপনগরে মুকুল শেখ (৩৭) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের আরেক ভাই।

বুধবার (১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত মুকুল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সেনাচাপরি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় মুকুল শেখকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে তার ভাই রাব্বানি শেখ। রাত ১০টা ৫০ মিনিটের দিকে চিকিৎসকরা মুকুলকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, “মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”

নিহতের ভাই রাব্বানি শেখ জানিয়েছেন, মাসখানেক আগে থেকে তারা দুই ভাই মিরপুরের গাবতলী এলাকায় লেবারের (দিনমজুর) কাজ করে আসছিলেন। তারা গাবতলীর দ্বীপনগর এলাকাতেই থাকেন। তাদের পরিবার থাকে গ্রামের বাড়িতে।

তিনি বলেন, “আমাদের গ্রামের বাড়িতে প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। ওই বিরোধে জের ধরে রাত আনুমানিক ৮টার দিকে গাবতলীর দ্বীপ নগর এলাকায় ইসহাক, লোকমান, কামরুল, লালু, রবিউল ড্রাইভার, ওয়াজেদ ফকির, আনোয়ার, জাহাঙ্গীর ও হালিমসহ প্রায় ১৫ থেকে ২০ জন তাদের পথরোধ করে। পরে তারা হাতুড়ি, লোহার পাইপ দিয়ে দুই ভাইকেই পিটিয়ে আহত করে। এ সময় তাদের দুইজনের মধ্যে মুকুল শেখের অবস্থা বেশি গুরুতর হয়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় ভাইকে (মুকুল) উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ