টিকে থাকার জন্য সামর্থ্যের চেয়েও কম মানের ছবিতে কাজ করেছি: কঙ্গনা রানাউত
বলিউডে দুই দশকের পথচলার অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী ও রাজনীতিক কঙ্গনা রানাউত বলেছেন, ২০০৬ সালে প্রশংসিত চলচ্চিত্র ‘ফ্যাশন’–এর সাফল্য পেলেও তিনি প্রত্যাশিত অর্থবহ চরিত্রগুলো সঙ্গে সঙ্গে পাননি। ফলে ২০০৭-০৮ সালের পরবর্তী সময়ে শিল্পে টিকে থাকার জন্য তাকে নিজের সামর্থ্যের চেয়েও কম মানের বাণিজ্যিক ছবিতে কাজ করতে হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন চলচ্চিত্র ‘ভারত ভাগ্য বিধাতা’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেন, সেই সময়টা আমার জন্য সংগ্রামময় হলেও শিক্ষণীয়।
তিনি জানান, পরবর্তীতে ‘কুইন’ এবং ‘তনু-মনুর বিয়ে’–এর মতো জনপ্রিয় ছবিতে সাধারণ ও বাস্তবধর্মী নারীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের প্রকৃত সাফল্যের পথ খুঁজে পান। সে সময় বলিউডে প্রচলিত ‘সুপারমডেল’ ধাঁচের চরিত্র থেকে সরে এসে স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিক অভিনয়ই তাকে দর্শকদের কাছে আলাদা পরিচিতি এনে দেয়।
৪০ বছর বয়সী এই অভিনেত্রী-নির্মাতা তার নতুন সিনেমাতেও একজন সাধারণ নারীর চরিত্রে ফিরছেন। আগামী ১২ জুন মুক্তি পেতে যাওয়া ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবিতে তিনি হাসপাতালের নার্সের ভূমিকায় অভিনয় করেছেন।
ছবিটির গল্প আবর্তিত হয়েছে ২০০৮ মুম্বাই সন্ত্রাসী হামলা চলাকালে কামা হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে। এতে বাস্তব জীবনের নার্স ও ওয়ার্ডবয়দের বীরত্বকে তুলে ধরা হয়েছে।
কঙ্গনা বলেন, কঠোর বাস্তবতার সীমার মধ্যে থেকে এই চরিত্রে অভিনয় করা আমার জন্য যেমন চ্যালেঞ্জিং ছিল, তেমনি ছিল গভীরভাবে তৃপ্তিদায়ক এক অভিজ্ঞতা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে