আইনি সংস্কার বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকা পালনের আহ্বান
জনসাধারণকে বিচারিক সেবা দিতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ প্রস্তাবিত আইনি সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর এনআইএমসির সম্মেলনকক্ষে জাতীয় গণযোগাযোগ ইনস্টিটিউট আয়োজিত ‘ল’ রিপোর্টার্স ফোরামের সদস্য আইনি সাংবাদিকদের জন্য সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিনি।
জনগণের আইনি অধিকার নিশ্চিতে রিপোর্টিংয়ের কার্যকর দিকগুলো নিয়ে কর্মশালায় কার্যকর কৌশল নির্ধারণের আশাবাদ ব্যক্ত করেন বিচারপতি ফারাহ মাহবুব।
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি-বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সুইডিশ দূতাবাসের মিশন প্রধান মারিয়া স্ট্রাইডসম্যান।
তথ্য সচিব বলেন, দেশের বিদ্যমান আইনি কাঠামো শক্তিশালীকরণে আইন প্রতিবেদকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, চলমান আইনি সংস্কার প্রক্রিয়ায় গণমাধ্যমকর্মী এবং আইন প্রতিবেদকদের ভূমিকা সহায়ক হবে।
বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রস্তাবিত আইনি সংস্কার রোডম্যাপ বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে ইউএনডিপি এবং সুইডিশ দূতাবাস একসাথে কাজ করছে বলে জানান বিশেষ অতিথিরা।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্নার সঞ্চালনায় কর্মশালাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা এবং আইনগত সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের প্রধান মুয়াজ্জেম হোসেন, এনআইএমসি’র পরিচালক ড. মো. মারুফ নওয়াজ, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলী মাশরফ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং মোবাইল সাংবাদিকতা বিশেষজ্ঞ ড. কাবিল খান।
কর্মশালায় ছিলেন ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক ও যোগাযোগ প্রধান আব্দুল কাইয়ুম, এনআইএমসি কর্মকর্তারা এবং কর্মশালা পরিচালক সুমনা পারভীন।
ল’ রিপোর্টার্স ফোরাম ও সুপ্রিম কোর্টের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ ৪৫ জন প্রতিনিধি দিনব্যাপী কর্মশালায় অংশ নেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে