Views Bangladesh Logo

‘জুলাই-আগস্ট গণহত্যা’: হাসিনার কল রেকর্ডিংয়ের ফরেনসিক তদন্তের নির্দেশ আইসিটির

 VB  Desk

ভিবি ডেস্ক

‘জুলাই-আগস্টের গণহত্যার’ মামলায় অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ডিংয়ের ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

সোমবার (১৩ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আইসিটি প্রসিকিউশন টিমের সদস্যরা সাংবাদিকদের জানান, গত বছরের জুলাই-আগস্টে ছাত্রদের নেতৃত্বে গণআন্দোলনে হত্যা এবং জোরপূর্বক গুম সম্পর্কে শেখ হাসিনা এবং অন্যদের গুরুত্বপূর্ণ কল রেকর্ডিং সংগ্রহের পর ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।

বিভিন্ন সূত্র ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাওয়া কল রেকর্ডিংয়ের অডিও ফাইলের সত্যতা যাচাইয়ে ট্রাইব্যুনাল ফরেনসিক বিশ্লেষণের নির্দেশ দিয়েছেন বলে জানান প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, জোরপূর্বক গুমেরও উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া গেছে। গণহত্যার আলামত গোপনে সব ধরনের ব্যবস্থা করা হয়েছিল। বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতারও অভিযোগ তোলেন প্রসিকিউটররা।

গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের সিনিয়র নেতাসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিটিতে গুম, হত্যা, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের ৬০টিরও বেশি মামলা বা অভিযোগ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ