বিরোধীদলে ছিলাম, থাকতে চাই: জিএম কাদের
বিরোধীদলে থাকতে চাই বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের। আজ বুধবার এমপি হিসেবে শপথ নেয়ার পরপরই সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জিএম কাদের বলেন, “আমি জানি না নিয়মটা। তবে আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখি। জনগণের জন্য যা ভালো, আমরা তাই-ই করতে চাই। সংসদে আসার অনুভূতি সবসময়ই ভালো। সেই অর্থে, আবারও সংসদে আসতে পারাটা আনন্দের বিষয়।”
তিনি আরও বলেন, “নেতৃত্বের ব্যর্থতার অভিযোগে দলীয় কার্যালয়ে যে বিক্ষোভ হচ্ছে, এগুলো পূর্বপরিকল্পিত। কিছু লোক আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। যা করা হয়েছে তা সবার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।”
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “এই নির্বাচন সঠিক নির্বাচন ছিল না। কিছু কিছু ক্ষেত্রে এটা ভালো ছিল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কর্মীদের নানাভাবে হয়রানি করা হয়েছে এবং ভোটকেন্দ্র দখল করা হয়েছে। এই নির্বাচন আসলে আমার দলের জনপ্রিয়তা বা জনগণের কাছে আমার ভিত্তির প্রতিফলন ঘটায়নি।”
উল্লেখ্য, নির্বাচনে জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন, যেখানে ২০১৮ সালের নির্বাচনে দলটি পেয়েছিল ২৩টি আসন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে