‘বাংলাদেশের সংস্কারকে সমর্থন জানাচ্ছে ইতালি’
বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতি ইতালির সমর্থন পুনর্ব্যক্ত করে অবৈধ অভিবাসন বন্ধে যৌথভাবে কাজের আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বেঠকে তিনি বলেন, ‘ইতালি এবং বাংলাদেশ খুব ঘনিষ্ঠ। অনেক বাংলাদেশি নাগরিক ইতালিতে বাস করেন। তারা আমাদের দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অবৈধ অভিবাসন বন্ধে হাতে হাত মিলিয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে এই বৈঠকে চলমান সংস্কার উদ্যোগ এগিয়ে নেয়ার প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার সরকারের দৃঢ় সমর্থনও পুনর্ব্যক্ত করেন ইতালির উপমন্ত্রী।
তিনি প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আমরা আশা করি, আপনি সংস্কারে সফল হবেন। আমাদের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যেমন জাতিসংঘ সাধারণ পরিষদে আপনাকে উল্লেখ করেছিলেন, আপনি সর্বদা আমাদের ওপর নির্ভর করতে পারেন’।
বৈঠকে বৈধ অভিবাসন সম্প্রসারণের প্রয়োজনীয়তাকেও অগ্রাধিকার দেন ড. ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ মানব পাচার বন্ধে কঠোর পরিশ্রম করছে এবং আনুষ্ঠানিকভাবে আরও দক্ষ কর্মী বিদেশে পাঠানোর প্রচেষ্টা বাড়াচ্ছে।
প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র নেতৃত্বাধীন গণআন্দোলনের পর বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার।
দুদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন ইতালির উপমন্ত্রী। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর।
বছরের পর বছর ধরে চলা দুঃশাসনের অবসান ঘটানোর পরের এই ঐতিহাসিক সময়ে এই সফরের জন্য ত্রিপোদির প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।
‘আপনার সফর একটি ঐতিহাসিক সময়ে হচ্ছে। গত বছরের জুলাই মাসে যা ঘটেছিল, তার ঠিক পরেই এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়’- বলেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে