গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একদিনে আরও অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৩০০ জনে। ওই হামলায় আহত হয়েছেন শতাধিক।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গত ১৮ মার্চ থেকে গাজায় আবারও হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৯২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, বুধবার (২৩ এপ্রিল) গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রাতভর চালানো এই বোমাবর্ষণে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে।
অন্যদিকে আনাদোলু এজেন্সি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবারের হিসেব অনুযায়ী মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৩০৫ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আরও ১০৫ জন আহতকে গাজার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। যার ফলে সংঘাত শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৯৬ জনে পৌঁছেছে।
এতে আরও বলা হয়, ইসরায়েলি হামলায় অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বা রাস্তায় পড়ে আছেন। কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
উল্লেখ্য, ১৫ মাসের সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় । এরপর প্রায় দুই মাস অঞ্চলটিতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করলেও হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে মতবিরোধের কারণে মার্চের তৃতীয় সপ্তাহে পুনরায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে নতুন করে হামলা শুরুর পর মোট ১ হাজার ৯২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজারের বেশি আহত হয়েছেন। এই সর্বশেষ হামলাটি জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তিকেও লঙ্ঘন করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে