ভারতীয় গণমাধ্যম নর্থইস্টের সংবাদের প্রতিবাদ আইএসপিআরের
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থইস্ট নিউজে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, ভারতীয় গণমাধ্যম নর্থইস্ট নিউজ কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশ টু ডিক্লেয়ার কক্সবাজার টু বান্দরবান এরিয়া অ্যাজ আ মিলিটারি অপারেশন্স জোন’ শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।
প্রতিবেদনটিতে বাংলাদেশের সেনাবাহিনী ‘সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে’— এই ধরনের ইঙ্গিত দেয়া হয়েছে, যা একেবারে ভিত্তিহীন, অসত্য এবং বিদ্বেষমূলক অপপ্রচার। প্রমাণহীন এ ধরনের কল্পিত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যার উদ্দেশ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বিভেদ উসকে দেয়া।
আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধান রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনো আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না।
সংস্থাটি আরও উল্লেখ করে, এ ধরনের বানোয়াট প্রতিবেদন সাংবাদিকতার মানদণ্ডের পরিপন্থি এবং এটি একটি সুপরিকল্পিত, ধারাবাহিক অপপ্রচারের অংশ। বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে