Views Bangladesh Logo

জুলাই মাসে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু: বেবিচক

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী জুলাই মাসে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে এটি বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ-সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে রয়েছে ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধা চালু করা।

সোমবার (২১ এপ্রিল) সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবীর ভূঁইয়ার সভাপতিত্বে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় বিমানের প্রতিনিধি, ইমিগ্রেশন পুলিশ, কাস্টমস ও এয়ারলাইন অপারেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সিভিল এভিয়েশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘জুলাইয়ের মধ্যে কক্সবাজার থেকে ছোট সাইজের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত থাকব।’

তিনি আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ইতোমধ্যে আন্তর্জাতিক রুট চালুর প্রস্তুতি নিতে বলা হয়েছে।

২০২১ সালে শুরু হওয়া একটি বড় উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপে রূপান্তর করা হচ্ছে। এর আওতায় রানওয়ে সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হচ্ছে, যাতে দিনে-রাতে যেকোনো সময় ফ্লাইট পরিচালনা করা যায়।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরের ভেতরে ১ হাজার ৭০০ ফুট অতিরিক্ত রানওয়ে নির্মাণ সম্পন্ন হবে। ফলে রানওয়ের মোট দৈর্ঘ্য দাঁড়াবে ১০ হাজার ৭০০ ফুট (৩ দশমিক ২৬ কিলোমিটার)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ