সুন্দরবনের ১০ কিমি ইসিএ এলাকায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা
সুন্দরবনের ১০ কিলোমিটার পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা (ইসিএ)–এর মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে পরিবেশ মন্ত্রণালয় শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করবে।
সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নির্বাহী কমিটির ১৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সভায় জানানো হয়, সুন্দরবন রক্ষায় জাতীয় পরিবেশ কমিটির ২০১৭ সালের সিদ্ধান্ত ৩.৪.৪ এবং ২০২১ সালের নির্বাহী কমিটির সিদ্ধান্ত পরিমার্জন করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, সুন্দরবনের ১০ কিমি ইসিএ এলাকার মধ্যে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিবেশগত প্রভাব নিরপেক্ষ বিশেষজ্ঞদের মাধ্যমে মূল্যায়ন করা হবে। আদালতের নির্দেশ অনুসারে পরিবেশগত প্রভাব মূল্যায়নের ভিত্তিতে এসব শিল্পপ্রতিষ্ঠান বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিধিমালায় সংশোধন আনা হবে। সংশোধনের পর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলো যৌথভাবে প্রকল্প প্রস্তাব দিতে পারবে। শব্দদূষণ প্রতিরোধে করণীয় নির্ধারণে সব মন্ত্রণালয়ের মতামত চাওয়া হবে।
পরিবেশ মন্ত্রণালয়ের বাস্তবায়ন বাজেটে অতিরিক্ত বরাদ্দ এবং বন অধিদপ্তরের কর্মীদের জন্য ঝুঁকি ভাতা চালুর প্রস্তাব সভায় উপস্থাপন করা হয়। এছাড়া, ২০২৫ সালের মধ্যে সরকারি ও বেসরকারি ভবন নির্মাণে অন্তত ৩০ শতাংশ ব্লক ব্যবহার নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে মে মাসে সচিব পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, বীর প্রতীক ফারুক-ই-আজম; কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, পরিবেশ মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি সদস্য হিসেবে সভায় অংশ নেন।
পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) ও কমিটির সদস্য সচিব ড. ফাহমিদা খানম সভায় আগের সিদ্ধান্ত ও কার্যবিবরণী উপস্থাপন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে