যেকোনো মুহূর্তে সামরিক হামলা চালাতে পারে ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেছেন, ভারত যে কোনো মুহূর্তে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সামরিক হামলা চালাতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়ার কারণে প্রতিরক্ষামন্ত্রী আসিফের এই ধরনের মন্তব্য।
সোমবার (৫ মে) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে যে ভারত নিয়ন্ত্রণ রেখার যেকোনো স্থানে হামলা চালাতে পারে। তাহলে নয়াদিল্লীকে সমুচিত জবাব দেয়া হবে।’
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাজনৈতিক সুবিধার জন্য অঞ্চলটিকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দেয়ার অভিযোগও তোলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। এর পাশাপাশি তিনি দাবি করেন, ‘খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় নয়াদিল্লি জড়িত।’
প্রতিরক্ষামন্ত্রী আসিফ আরও দাবি করেন, ২০১৬ ও ২০১৭ সালে জাতিসংঘে প্রমাণ উপস্থাপন করেছিল পাকিস্তান, যেখানে ভারতের সন্ত্রাসবাদ অর্থায়নের ভিডিও অন্তর্ভুক্ত ছিল। তিনি আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ভারতের যোগসূত্র থাকার অভিযোগও তোলেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ওই ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন বলে জানান তিনি।
খাজা আসিফ বলেন, ‘এ ধরনের তদন্তের মাধ্যমে প্রমাণিত হবে, ভারত নিজেই না কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী এতে জড়িত ছিল এবং নয়াদিল্লির ভিত্তিহীন অভিযোগের সত্যতা স্পষ্ট হবে।’
এর আগে গত সপ্তাহে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার বলেছিলেন, পরবর্তী ২৪-৩৬ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সময় পেরিয়ে গেলেও ভারত কোনো সামরিক অভিযান চালায়নি।
এদিকে সোমবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেন, দেশের মর্যাদা ও জনগণের কল্যাণ রক্ষায় তিনি পূর্ণশক্তি দিয়ে জবাব জানাতে প্রস্তুত।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এ হামলার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে