Views Bangladesh Logo

ভারতীয় হাইকমিশনারকে তলব করবে ঢাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ব্যাখ্যা চাইতে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনারকে তলব করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, ‘ওই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যদি হাইকমিশনারকে তলব না করা হয়ে থাকে, হবে’।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চাঁদপুর নৌ-টার্মিনাল নির্মাণকাজ পরিদর্শন করেন সাখাওয়াত হোসেন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চাই। ভারত যদি পায়ে পড়ে ঝগড়া করতে চায়, তাহলে বাংলাদেশের লোকজন কোনোদিন ওই দেশমুখী হবেন না। ওই দেশের প্রতি আমাদের যে একটা বন্ধুত্বসুলভ বিষয় ছিল, সেটি খারাপ করছেন ওনারা। তাদের কোনো কারণ নেই, এসব করার’।

ভারতে সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ জানান এই উপদেষ্টা। বলেন, ‘আমাদের দেশে যারা অন্য ধর্মাবলম্বী আছেন, তারা আমাদের নাগরিক। তাদের ভালো-মন্দ সবকিছু দেখছি। বিভিন্ন মিডিয়া যদি এ ধরনের প্রচার করতে থাকে, আর কেউ যদি ধমকি দিয়ে বাংলাদেশের নিরাপত্তার ওপর হুমকি দেয়- যারা করছে তারা নিজেদের দেশে করছে, দয়া করে এগুলো করবেন না’।

‘আমরা বন্ধুত্ব ভাবাপন্ন মনোভাব নিয়ে থাকতে চাই। আমরা তাদের প্রতিবেশী। কিন্তু যদি বাংলাদেশকে এভাবে হেনস্তা করতে থাকেন, তাহলে মনে রাখবেন, ১৮ কোটি মানুষের এই দেশ। অন্য ছোটখাটো দেশ আপনাদের আশপাশে যা আছে, এটি তা নয়’- যোগ করেন তিনি।

এম সাখাওয়াত বলেন, ‘আপনারা আমাদের এখানের ভিন্ন ধর্মাবলম্বীদের বিষয়ে কথা বলেন। তবে নিজেদের দিকে তাকালেই বোধ হয় ভালো হয়। আগরতলা একদম কাছাকাছি জায়গা। এটি আমরা আশা করিনি, এটি কাম্য নয়। আমরা আমাদের মতো থাকতে চাই। আমরা আমাদের মতো শান্তিতে থাকতে চাই। আমাদের এখানে কিছু হলে সেটি আমরা দেখবো। গণমাধ্যমেরও একটা সীমারেখা আছে। তাই আমি অনুরোধ করবো, তারা যেন তাদের লোককে উত্তেজিত এবং উত্তেজনা সৃষ্টি না করেন’।

উপদেষ্টার সঙ্গে ছিলেন- বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, চাঁদপুরের জেলা প্রশাসক মহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ