বাংলাদেশে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী ভারত
বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্ম। রোববার (২১ জানুয়ারি) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে এ আশ্বাস দেন হাইকমিশনার।
তিনি বলেন, "ভারত মাঝারি ও ক্ষুদ্র শিল্পে সহযোগিতা করতে আগ্রহী। এসএমইখাত উভয় দেশের অর্থনীতির মেরুদণ্ড। আমরা একে অন্যের কাছ থেকে শিখতে পারি। আমরা রুপিতে বাণিজ্যের যে প্রক্রিয়া শুরু করেছি, তা আরো বাড়িয়ে দুই দেশের ব্যবসায়ীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার।"
প্রণয় ভার্মা বলেন, "বর্তমানে ভারত অন্যান্য দেশ থেকে যে সকল দ্রব্য আমদানি করে, তার মধ্যে যেগুলো বাংলাদেশে পাওয়া যায় সেগুলো আমরা বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী। আইটিইসিসহ ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশিদের জন্য প্রশিক্ষণের সুযোগ বাড়ছে।"
শিল্পমন্ত্রী বলেন, "বাংলাদেশ টেকনোলজিখাতে এবং সিমেন্ট উৎপাদনের কাঁচামাল সরবরাহের জন্য ভারতের সহযোগিতা নিতে পারে। বিএসটিআই এবং বাংলাদেশ এক্রিডিটেশন বোর্ডের (বিএবি) সঙ্গে ভারতের সমজাতীয় প্রতিষ্ঠানের সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করা দরকার।"
সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে দেশের সার কারখানাগুলোতে সার উৎপাদিত হচ্ছে এবং আমদানিকৃত সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। আশা করি, আগামী মৌসুমে সারের কোনো সংকট হবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে