টানা বর্ষণে বিপর্যস্ত ঢাকার জনজীবন
ঢাকাসহ সারাদেশে সকাল থেকেই টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবারের (১৬ সেপ্টেম্বর) পর এই বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
যদিও গুঁড়ি গুঁড়ি টানা বৃষ্টিতে প্রধান সড়কগুলো তলিয়ে না গেলেও বিভিন্ন এলাকার অনেক রাস্তায় জলাবদ্ধতা দেখা গেছে। এর মধ্যে গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সরকারি-বেসরকারী অফিসগামী চাকরিজীবীদের। শুধুমাত্র তাদেরই নয়, একই অবস্থা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও।
এমতাবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে রাস্তায় রাত কাটানো মানুষেরা। তাদের অনেকেই পলিথিনের চাদরে আবদ্ধ হয়ে রাত কাটান। চরম দুর্ভোগ পোহাতে রিকশাচালকদেরও।
এ ব্যাপারে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। সোমবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।”
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে। যার পরিমাণ ২২৩ মিলিমিটার। এ ছাড়াও গোপালগঞ্জে ১৩৩, খেপুপাড়ায় ১৮৯, বরিশালে ১৭৭, ভোলায় ১৩৪, মংলায় ৯৮, সাতক্ষীরা ও সীতাকুণ্ডে ৯৪ এবং কক্সবাজারে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে