Views Bangladesh Logo

গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছেন। ধর্মের বিভেদ নয়, মানুষই ছিল তার কাছে সবচেয়ে বড় সত্য।

রোববার (২৪ মে) সন্ধ্যায় ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উৎসবের দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী মসজিদের পাশে কবর দেওয়ার ক্ষেত্রেও ভূমিকা রেখেছিলেন।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য ও সংগীত থেকেও আমরা অনুপ্রেরণা নিই। নজরুল বিশ্বাস করতেন, ‘সবার ওপরে মানুষ সত্য’—এখানে ধর্মের কোনো বিভেদ নেই।

তিনি অভিযোগ করে বলেন, একসময় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চা কমে গিয়ে যুবসমাজ মাদক, অস্ত্রবাজি ও গুণ্ডামির দিকে ঝুঁকে পড়েছিল। এসব কর্মকাণ্ড রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছিল।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও সংস্কৃতির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সরকার চায় শিক্ষার্থীরা বই, শিক্ষা ও সংস্কৃতিমুখী হোক।

নজরুলের রাজনৈতিক জীবন নিয়েও বক্তব্য দেন আইনমন্ত্রী। তিনি বলেন, সাম্য ও বিদ্রোহের কবি নজরুল অসাম্প্রদায়িক ভারত গঠনের স্বপ্ন দেখতেন। এ লক্ষ্যেই তিনি ‘সরাস পার্টি’ নামে রাজনৈতিক দল গঠন করে ভারতের কেন্দ্রীয় আইনসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন, যদিও কংগ্রেসের প্রতারণার কারণে তিনি পরাজিত হন।

ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী শরিফুল আলম, ত্রিশাল আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এবং ডিআইজি আতাউল কিবরিয়াসহ অন্যরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ