কিশোরগঞ্জে মসজিদে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ।
গ্রেপ্তার মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩) নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর এলাকার বাসিন্দা। প্রায় এক মাস আগে তিনি রামদী ইউনিয়নের ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
মামলার বরাতে পুলিশ জানায়, রোববার দুপুরে শিশুটি বাড়ি থেকে ইমামের জন্য খাবার নিয়ে মসজিদে যায়। এ সময় সেখানে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
ওসি কাজী আরিফ বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। শিশুটিকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে