Views Bangladesh Logo

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলার রায় আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের জন্য অস্থায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে আজ শুক্রবার জরুরি নির্দেশনা দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এর পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলার রায় দেবে জাতিসংঘের এই সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় দুপুর ১টায় রায়টি দেওয়া হবে।

সংস্থাটির এক্স অ্যাকাউন্টে গত বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ রায় সংক্রান্ত বুধবার এক বিবৃতিতে আইসিজে জানায়, আন্তর্জাতিক বিচার আদালতে ১৭ সদস্যের বিচারক প্যানেল আগামী ২৬ জানুয়ারি এ রায় প্রদান করবে।

এর আগে আইসিজে-তে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় তেল আবিবের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়।

এ মামলায় চলতির মাসের শুরুতে দুই দিন শুনানি হয়। তবে ইসরায়েলের পক্ষ থেকে শুনানিতে দক্ষিণ আফ্রিকার এই অভিযোগকে মিথ্যা আখ্যায়িত করে প্রত্যাখ্যান করা হয়েছে।

পাল্টা অভিযোগে ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা 'ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের' আহ্বান জানাচ্ছে। একইসাথে দেশটির গণহত্যার দাবির 'বাস্তব ও আইনগত ভিত্তি' উভয়ই নেই বলে মন্তব্য করে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে ফিলিস্তিনি এলাকায় ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক অভিযানকে জরুরি ভিত্তিতে বন্ধ করার আদেশ দিতে আইসিজে-কে অনুরোধ করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজায় হামাস-নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ