আইসিজের রায় নিয়ে যা বলল হামাস-ইসরায়েল
ফিলিস্তিনের গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড রোধে ইসরায়েলকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একইসঙ্গে ইসরায়েলকে গাজায় মানবিক সহায়তার পথ খোলা রাখার নির্দেশও দেন আদালত।
গাজায় গণহত্যা বন্ধে আইসিজের এ নির্দেশনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি গোষ্ঠীর উপর ইসরায়েলের অভূতপূর্ব আক্রমণের পর আদালতের এ রায়কে ‘গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন হামাসের একজন মুখপাত্র।
ওই মুখপাত্র আরও জানান, এ রায় ইসরায়েলকে বিচ্ছিন্ন করতে অবদান রেখেছে।
গাজায় গণহত্যা বন্ধে আইসিজির আদেশকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি। বার্তা সংস্থা বিবিসি জানায়, তিনি বলেছেন- এই রায় প্রমাণ করে যেকোনো রাষ্ট্রই আইনের ঊর্ধ্বে নয়।
এ প্রসঙ্গে ফিলিস্তিনের সাবেক তথ্যমন্ত্রী মুস্তাফা বারঘৌতিই আল জাজিরাকে বলেন, গণহত্যার অভিযোগে আইসিজির দেওয়া অস্থায়ী রায়টি ‘খুব তাৎপর্যপূর্ণ’।
তিনি আরও বলেন, “এর অর্থ হলো ৭৫ বছরের মধ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক আইনের সামনে ইসরায়েল তার দায় এড়াতে পারল না। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলকে প্রথমবারের মতো আদালতের মুখোমুখি হতে হয়েছে।
এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকাও বলেছে, ‘আন্তর্জাতিক আইনের শাসন বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজি) নির্দেশটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশ। ফিলিস্তিনি জনগণের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে আইসিজির নির্দেশকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে অভিহিত করে তারা।
তবে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে সমর্থন করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের প্রতি ইসরায়েলের প্রতিশ্রুতি অটুট। আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের পবিত্র অঙ্গীকার সমানভাবে অটুট।
বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল গণহত্যা করছে বলে দক্ষিণ আফ্রিকার অভিযোগ শুধুমাত্র মিথ্যাই নয়, এটি একটি আপত্তিকর। সর্বত্রে এ অভিযোগ প্রত্যাখ্যান করা উচিত।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই রায় প্রত্যাখ্যান করে বলেন, ইসরায়েলকে সন্ত্রাসী এবং গাজার বেসামরিক জনগণের মধ্যে পার্থক্য বুঝানোর জন্য নৈতিকতার বিষয়ে বক্তৃতা দেওয়ার দরকার নেই।
প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি গণহত্যার অভিযোগ এনে গত মাসের শেষের দিকে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলার রায় পড়ে শোনান আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকরা। এ সময় রায়ে এই নির্দেশ দেন আদালত।
এর আগে চলতির মাসের শুরুতে এই মামলার দুইবার শুনানি হয়। শুনানিতেও ইসরায়েলের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকার এই অভিযোগকে মিথ্যা আখ্যায়িত করে প্রত্যাখ্যান করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে