Views Bangladesh Logo

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি সাময়িক বরখাস্ত

যৌন অসদাচরণের অভিযোগের তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার আইসিসির পরিচালনাকারী সংস্থা রোম সংবিধির সদস্য রাষ্ট্রসমূহের পরিষদীয় ব্যুরো এ সিদ্ধান্ত ঘোষণা করে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে করিম খানের বিরুদ্ধে ১২৫টি সদস্য রাষ্ট্রের সামনে শৃঙ্খলামূলক কার্যক্রম শুরু করা হবে। তবে তদন্তের পূর্ণাঙ্গ ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি সেবা দপ্তর (ওআইওএস)-এর তদন্ত প্রতিবেদন, সংশ্লিষ্ট প্রমাণ, বিচারিক বিশেষজ্ঞদের মতামত এবং লিখিত উপস্থাপনা পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে করিম খান অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি এর আগে দাবি করেন, তদন্তে তার বিরুদ্ধে কোনো অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি এবং তাকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনে ১৩৭টি পর্যবেক্ষণ রয়েছে, কিন্তু এর একটিতেও তার কোনো অনুপযুক্ত আচরণের উল্লেখ নেই। তাই তাকে দায়িত্বে ফিরতে দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

অন্যদিকে, কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চে তিন বিচারকের একটি প্যানেল মত দেয় যে তদন্তে করিম খানের বিরুদ্ধে অসদাচরণ বা দায়িত্বে অবহেলার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে করিম খানের দপ্তরের এক কর্মীর করা যৌন অসদাচরণের অভিযোগের পর তদন্ত শুরু হয়। তদন্ত চলাকালে গত বছরের মে মাসে তিনি ছুটিতে যান।

করিম খান আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে আলোচনায় আসেন ২০২৪ সালের মে মাসে। তখন তিনি বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করার ঘোষণা দেন।

এদিকে আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর পূর্ণাঙ্গ অধিবেশনে বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ব্যুরো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ