Views Bangladesh Logo

দেশের ইতিহাসে প্রথম: ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসির আদেশ

দেশের বিচারিক ইতিহাসে এক নজিরবিহীন ও ঐতিহাসিক রায় ঘোষিত হয়েছে মেহেরপুরে। ৯ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. শাকিল হোসেন (২৩) নামের এক যুবককে মৃত্যুদণ্ড (ফাঁসির আদেশ) দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে সশরীর ও ভার্চুয়াল শুনানির মাধ্যমে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে এই রায় দেওয়া হলো।

রোববার (২৪ মে) দুপুর দেড়টার দিকে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাকিল মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত প্রতিবেদন (চার্জশিট) জমা দেওয়ার পর আদালত মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে ১২ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ করেন। দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে সশরীর সাক্ষ্য গ্রহণের পাশাপাশি দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়ালি ভিডিও কলেরও সহায়তা নেওয়া হয়। দীর্ঘ শুনানি ও মেডিকেল রিপোর্টের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দৃষ্টান্তমূলক রায় দেন। জরিমানার তিন লাখ টাকা আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভুক্তভোগী শিশুর পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান তুহিন ফাঁসির রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।

মামলা থেকে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই শিশু আবাদি মাঠে তার বাবাকে দুপুরের খাবার দিতে যাচ্ছিল। পথে শাকিল হোসেন শিশুটিকে দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে হত্যার ভয় দেখিয়ে পার্শ্ববর্তী একটি পাটখেতে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী শিশুটি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে গ্রামবাসী শাকিলকে আটকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে শাকিলকে উদ্ধার করে আটক করে। এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে গাংনী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তখন শাকিলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

ঐতিহাসিক এই রায়ে গভীর সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী শিশুর পরিবার। তবে দণ্ডপ্রাপ্ত শাকিলের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ