কুড়িগ্রামে হুমকি দিয়ে হিন্দু স্কুলছাত্রীকে ‘অপহরণ’
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামে ঘোষণা দিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ‘অপহরণের’ ঘটনা ঘটেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামে ৩০টি হিন্দু পরিবার বসবাস করে। গত ২ সেপ্টেম্বর রাতে পাড়ায় কয়েকটি গাছে পোস্টার সেঁটে দেয় দুর্বৃত্তরা। তাতে বলা হয়—৭ দিনের মধ্যে এই বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে; মেয়েকে মুসলমান করা হবে।
এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর গ্রামের একজন বাসিন্দা রঞ্জিত চন্দ্র ফুলবাড়ী থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বিকেল ৫টার দিকে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়। গ্রামের আলিনুর ও তার সহযোগীরা এই ঘটনা ঘটিয়েছে।
অপহরণের শিকার মেয়েটির বাবা বলেন, আমার মেয়েটা পড়াশোনায় খুব মনোযোগী। মেয়েটাকে বাড়ি ফেরার পথে আলিনুর তার কয়েকজন সহযোগীকে নিয়ে অপহরণ করেছে। আমি থানায় অভিযোগ করেছি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান বলেন, পুলিশ জিডিটি তদন্ত করেছিল এবং ওই হিন্দু গ্রামের দিকে নজর রেখেছিল। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে