Views Bangladesh Logo

র‌্যাবের বিরুদ্ধে হত্যার অভিযোগ নিয়ে হাইকোর্টের রায় ৬ ফেব্রুয়ারি

শাহনূর আলম নামে ব্রাহ্মণবাড়িয়ার এক ব্যবসায়ীকে ১০ বছর আগে নির্যাতন করে হত্যার অভিযোগকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ সংশোধন করে জেলা ও দায়রা জজ আদালতের দেয়া আদেশ বাতিল প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ রুলের শুনানি শেষে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন লিয়নের হাইকোর্ট বেঞ্চ আগামী ৬ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন।

আদালত সূত্রে বিষয়টি জানা গেছে।


আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আশরাফ রহমান। পরে তিনি বলেন, ‘দীর্ঘ ১০ বছর এই রুলটি শুনানি হয়নি। জুলাই অভ্যুত্থানের পর আমরা বিষয়টি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করি। আজ হাইকোর্ট রুল শুনানি শেষে রায়ের দিন ধার্য করেছেন। হাইকোর্ট যদি রুলটি অ্যাবসোলুট করে রায় দেন সেক্ষেত্রে শাহনূর আলম হত্যার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে ও সিআইডিকে তদন্ত করতে ম্যাজিস্ট্রেট আদালতের দেয়া আদেশটি বহাল হবে।’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪-এর ৯ সদস্যের বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৪ সালের ১ জুন একটি নালিশি আবেদন করেন শাহনূরের ভাই মেহেদি হাসান।

অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ২৯ এপ্রিল শাহনূরকে র‌্যাব-১৪-এর সদস্যরা বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করেন। পরে ৬ মে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহনূর মারা যান।

শাহনূরের ভাইয়ের অভিযোগে বলা হয়, র‌্যাবের নির্যাতনে শাহনূরের মৃত্যু হয়েছে। পরবর্তী সময়ে ব্রাক্ষ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্যাতনে শাহনূরের মৃত্যুর অভিযোগের আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। কিন্তু এই আদেশের বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন অভিযুক্ত এক র‍্যাব সদস্য। সে আবেদনের শুনানি নিয়ে ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ বাতিল করে নবীনগর থানার ওসিকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালত। তবে এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন শাহনূরের ভাই মেহেদি হাসান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ