ভারত ও চীনে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, সতর্কাবস্থায় ভোমরা স্থলবন্দর
চীন ও ভারত থেকে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নামে নতুন ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে সতর্কাবস্থা জারি করা হয়েছে। সেখানে শনিবার (১১ জানুয়ারি) থেকে মেডিকেল ক্যাম্প স্থাপন করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে একটি বিশেষ মেডিকেল টিম।
ভোমরা স্থলবন্দরের মেডিকেল টিমের ইনচার্জ এবং সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য পরিদর্শক ডা. আব্দুস শহিদ বলেন, নতুন ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোমরা স্থলবন্দরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চলছে। ভারত থেকে আসা সব যাত্রী এবং পণ্যবাহী ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভাইরাস সংক্রমণ ঠেকাতে এমন উদ্যোগে সাধারণ যাত্রীদের মধ্যেও সন্তোষ দেখা গেছে।
সম্প্রতি চীন ও ভারতের দুই শিশুর শরীরে নতুন এইচএমপিভি শনাক্ত হয়েছে। নতুন এই ভাইরাস মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভোমরা স্থলবন্দরের এমন উদ্যোগ সংক্রমণ ঠেকাতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে