Views Bangladesh Logo

বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ লন্ডনের হিথ্রো বিমানবন্দর

ড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বিমান বন্দর সংলগ্ন একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় সাময়িক এই ব্যবস্থা নিতে হয়েছে। ওই কেন্দ্র থেকেই বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হতো।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, প্রায় ৭০ জন অগ্নিনির্বাপণকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।এখনো আগুনের শিখা আকাশে উঠতে দেখা যাচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার ব্রিগেড।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ বলছে, অনেক ফ্লাইটকে অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারওয়েজ তাদের পার্থ থেকে আসা ফ্লাইটকে প্যারিসের পরিবর্তে অন্যত্র পাঠিয়েছে, আর ইউনাইটেড এয়ারলাইনসের নিউইয়র্ক থেকে আসা ফ্লাইটকে আয়ারল্যান্ডের শ্যাননে পাঠানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা কিছু ফ্লাইট মাঝপথ থেকে ফিরে গেছে। ইউনাইটেড এয়ারলাইনসের সান ফ্রান্সিসকো থেকে আসা একটি ফ্লাইটকে ওয়াশিংটন ডিসিতে অবতরণ করানো হবে। ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিক তাদের ফ্লাইটগুলোকে গ্যাটউইকে পাঠিয়েছে।

হিথ্রো বিমানবন্দর এক্স হ্যান্ডেলে বলেছে, 'আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হিথ্রো ২১ মার্চ রাত ১১:৫৯ পর্যন্ত বন্ধ থাকবে।' যাত্রীদের বিমানবন্দরে না আসার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে ঘটনাস্থলের আশপাশে অনেক বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফায়ার ব্রিগেড জানায়, ২৯ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২০০ মিটার এলাকা ঘিরে রাখা হয়েছে, যেখানে প্রায় ১৫০ জনকে সরিয়ে নেয়া হয়েছে।

হিথ্রোর এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ফের কখন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে, সে সম্পর্কে এখনো স্পষ্ট ধারণা নেই। আগামী কয়েকদিন বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হতে পারে।

ইউরোপের আকাশপথ নিয়ন্ত্রণকারী সংস্থা ইউরোকন্ট্রোল জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে হিথ্রোতে কোনো ফ্লাইট অবতরণ করতে দেয়া হচ্ছে না এবং বিকল্প পরিকল্পনার মাধ্যমে ফ্লাইটগুলোকে অন্যান্য বিমানবন্দরে পাঠানো হচ্ছে।

হিথ্রো বিশ্বের ব্যস্ততম দুই রানওয়ে বিশিষ্ট বিমানবন্দরগুলোর মধ্যে একটি, যেখানে প্রতিদিন প্রায় ১,৩০০ফ্লাইট ওঠানামা করে।

ফ্লাইটরাডার২৪-এর মুখপাত্র ইয়ান পেচেনিক বলেছেন, 'হিথ্রো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান চলাচলের কেন্দ্র। এই ঘটনা বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলোর কার্যক্রমকে ব্যাহত করবে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ