আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে রিট খারিজ
আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশকে পিআরবির নির্দেশনা মানতে বলেছেন আদালত।
রবিবার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এ পর্যবেক্ষণ দেন।
এ ব্যাপারে ব্যারিস্টার অনিক আল হক সাংবাদিকদের বলেন, পিআরবি অনুযায়ী কোনো ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করা যাবে না। তবে বিগত দিনে নিহতদের বেশিরভাগেরই মাথায় এবং চোখে গুলির আঘাত পাওয়া গেছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালনকালে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা ও মনজুর আল মতিন। গত বুধবার ও বৃহস্পতিবার এই রিটের শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি এস এম মাসুদ হোসেন অসুস্থ হওয়ায় শুনানি স্থগিত করা হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে