Views Bangladesh Logo

সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টি ক্রিকেটে হাসান মাহমুদ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের পেসার হাসান মাহমুদ প্রথমবারের মতো ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছেন। দেশটির ঐতিহ্যবাহী কাউন্টি ক্লাব কেন্ট তাকে দলে ভেড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলতে যাচ্ছেন তিনি।

চোটের কারণে গত কয়েক মাস মাঠের বাইরে থাকলেও সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে ফেরেন হাসান। এরপরই তার সামনে খুলে যায় কাউন্টি ক্রিকেটের দরজা।

কেন্টের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে হাসান বলেন, ‘কেন্টের মতো ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে খেলার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের। কাউন্টি ক্রিকেটে খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল। এটি শুধু আমার নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যও গর্বের একটি মুহূর্ত।’

চুক্তি অনুযায়ী, কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে মোট ছয়টি ম্যাচ খেলবেন তিনি। আগামী ১২ থেকে ১৫ জুন ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়েই তার কাউন্টি অভিষেক হতে পারে। এরপর ১৯ থেকে ২২ জুন ক্যান্টারবেরির বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবেন তিনি। এই দুই ম্যাচ শেষে দেশে ফিরলেও সেপ্টেম্বরে মৌসুমের শেষ চারটি ম্যাচ খেলতে আবার ইংল্যান্ডে যাবেন।

নিজের নতুন চ্যালেঞ্জ নিয়ে হাসান বলেন, দলের সাফল্যে অবদান রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। কেন্টের প্রধান কোচ অ্যাডাম হোলিওক ও ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুকের সঙ্গে ইতোমধ্যে তার ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

হাসানের অন্তর্ভুক্তিকে ইতিবাচকভাবে দেখছেন কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক। তার মতে, আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন এই পেসারের আগমন দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে এবং স্কোয়াডে নতুন মাত্রা যোগ করবে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ থেকে শুধু সাকিব আল হাসানই কাউন্টি ক্রিকেটে খেলেছেন। তিনি উস্টারশায়ার ও সারের হয়ে বিভিন্ন সময়ে মাঠে নেমেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন হাসান মাহমুদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ