Views Bangladesh Logo

১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস

 VB  Desk

ভিবি ডেস্ক

ইসরায়েলের নির্বিচার হামলার পর শুক্রবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধবিরতির প্রথম দিনে ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। যারা প্রায় সাত সপ্তাহ ধরে গাজা উপত্যকায় বন্দি ছিলেন বলে এপির খবরে জানানো হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, মুক্তি পাওয়া জিম্মিরা নারী ও শিশু।

হামাসের দুটি সূত্রের বরাতে এএফপি বলছে, মিশর হয়ে ইসরায়েলে ফেরার জন্য রেড ক্রসের কাছে জিম্মিদের হস্তান্তর করেছে হামাস।

সূত্রটি বলছে, শুক্রবার (২৪ নভেম্বর) জিম্মিদের রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। রাফাহ ক্রসিং দিয়ে তাদের মিশরীয়দের কাছে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাদের গ্রহণ করবে ইসরায়েলি কর্মকর্তারা।

হামাসের সামরিক শাখার একটি সূত্রমতে, যুদ্ধবিরতির চুক্তির অধীনে এটি মুক্তি পাওয়া জিম্মিদের প্রথম দল।

এ প্রসঙ্গে টাইমস অব ইসরায়েলকে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, মুক্তি পাওয়া জিম্মিদের অ্যাম্বুলেন্সে করে গাজার খান ইউনিস থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ে নিয়ে আসা হচ্ছে।

এদিকে এক টুইটে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন বলেছেন, একজন ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ১২ জন থাই জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা গাজা ছেড়ে ইসরায়েলের একটি হাসপাতালে যাচ্ছেন।

জানা গেছে, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী চার দিনে ৫০ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। এ ছাড়াও চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির চার দিনে ইসরায়েল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে। তাদের মধ্যে ইতোমধ্যে ৩৯ জন ইসরায়েলি কারাগার থেকে মুক্তি  পেয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ