হোয়াইট হাউসের কাছে গোলাগুলি: নিহত ১, আহত ১
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনায় এক বন্দুকধারী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় সাময়িক লকডাউন জারি করা হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানায়, শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের কাছের একটি নিরাপত্তা চৌকির পাশে এক ব্যক্তি গুলি চালালে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি চালান। এতে ওই বন্দুকধারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, পেনসিলভানিয়া অ্যাভিনিউ ও ১৭তম স্ট্রিট নর্থওয়েস্ট এলাকায় এ ঘটনা ঘটে। গুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিক্রেট সার্ভিস। পরে উভয় পক্ষের মধ্যে কিছু সময় গোলাগুলি চলে।
ঘটনার সময় হোয়াইট হাউসের নর্থ লনে থাকা সাংবাদিকরা একাধিক গুলির শব্দ শুনতে পান। এরপর নিরাপত্তার স্বার্থে পুরো এলাকায় লকডাউন জারি করা হয়। সাংবাদিক ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিটে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে লকডাউন তুলে নেওয়া হয়। এ সময় পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং সশস্ত্র নিরাপত্তাকর্মীদের মোতায়েন থাকতে দেখা যায়।
ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন বলে জানা গেছে।
এদিকে, এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানিয়েছেন, তদন্তে সহায়তার জন্য এফবিআই সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছেন।
তবে নিহত বন্দুকধারীর পরিচয় বা হামলার কারণ এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে