আজ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ সোমবার (২ জুন) বিকেল ৩টায় জাতির উদ্দেশে বাজেট ভাষণ দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
চলতি অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটের আকার কিছুটা কম হলেও এবার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
প্রস্তাবিত বাজেটে সরকারি ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যার মধ্যে রয়েছে উন্নয়ন খাতসহ অন্যান্য ব্যয় পরিকল্পনা। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতেও নতুন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি কয়েকটি ভাতার পরিমাণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
এছাড়া, গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারসহ অবকাঠামো খাতে বড় পরিসরে কর্মযজ্ঞ হাতে নেওয়ার উদ্যোগ রয়েছে। এতে গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আনার আশা করছে সরকার।
জাতীয় সংসদ না থাকায় এবার বাজেট পেশ হবে পূর্ব-রেকর্ড করা ভিডিও ভাষণের মাধ্যমে। বিকেল ৪টার পরিবর্তে এই ভাষণটি সম্প্রচারিত হবে বিকেল ৩টায়। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি ও বাংলাদেশ বেতারের পাশাপাশি সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনকে একযোগে সম্প্রচারের জন্য বিটিভি থেকে ফিড নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজেটের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও ব্যাপক নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করতেই এ ধরনের সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে