ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিচ্ছে সরকার
গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাঠ খালি করার নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর উপস্থিতিতে ভারতীয় ধর্মপ্রচারক সাদ কান্ধলভীর সমর্থকদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা তাবলিগের আরেক নেতা জুবায়ের আহমেদের সমর্থকদের সঙ্গে অন্যত্র বৈঠক করেন। বৈঠকে আইজিপি বাহারুল আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাদপন্থীদের প্রতিনিধি রেজা আরিফ বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধে আমরা মাঠ খালি করার সিদ্ধান্ত নিয়েছি। সংঘর্ষে হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা মাঠ ছেড়ে দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘অতীতেও আমরা সরকারের সব নির্দেশ মেনে চলেছি। এবারও মেনে চলব। ইতোমধ্যে আমাদের সব সঙ্গীকে মাঠ ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করছে।’
তিনি জানান, ‘সরকার মাঠের নিয়ন্ত্রণ নেবে। আপাতত কেউ মাঠ দখলে রাখতে পারবে না।’
জুবায়েরপন্থীদের উদ্দেশে রেজা বলেন, ‘আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছি। ইসলামের স্বার্থে এবং দেশের স্বার্থে তারা যেন আর কোনো বিশৃঙ্খলা না করেন। তারা যেন রাস্তায় না নামেন এবং উসকানিমূলক বক্তব্য ছড়ানো বন্ধ করেন।’
সংঘর্ষের ঘটনায় ইজতেমা মাঠ থেকে সবাইকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারি এই পদক্ষেপ নেয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে