Views Bangladesh Logo

সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠন করতে যাচ্ছে সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

‘সরকারি চাকরি (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে এ অধ্যাদেশ পর্যালোচনায় একটি কমিটি গঠন করতে যাচ্ছে সরকার।

আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরকে প্রধান করে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।

কমিটিতে সরকারের গুরুত্বপূর্ণ সাতজন সচিব এবং আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তিনজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হবে।

সূত্র জানায়, সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি বৈঠক করেন। ওই বৈঠকে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

আন্দোলনরত কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ার পরিকল্পনা করছেন— এমন তথ্য জানার পরই এ কমিটি গঠন এবং সচিবদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেয়া হয় বলে জানা গেছে।

এদিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ আন্দোলনরত কর্মচারী নেতাদের আজ দুপুর ২টায় বৈঠকে ডাকেন।

এ বিষয়ে কর্মচারীদের নেতা বদিউল কবীরকে বলেন, ‘ওই বৈঠকে ভূমি সচিব ছাড়াও আরও সাতজন সচিব উপস্থিত থাকবেন বলে আমাদের জানানো হয়েছে। সচিবদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হলে আমরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করব।’

এর আগে আজ মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে 'সরকারি চাকরি (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫' বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।

তাদের আন্দোলন ঘিরে সচিবালয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের প্রাণকেন্দ্রে সোয়াট সদস্য, বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। সচিবালয়ের বাইরে রাখা হয়েছে দুটি আর্মড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।

আন্দোলনের কারণে সচিবালয়ে আজ দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গেটগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গণমাধ্যম কর্মীদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সরকারি কর্মচারীদের আন্দোলনের মধ্যেই গত রোববার সরকার সরকারি চাকরি আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করে। এতে চার ধরনের অপরাধের জন্য সরকারি কর্মচারীদের শুধু নোটিশ দিয়েই চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে। এর প্রতিবাদে গত শনিবার থেকে সচিবালয়ে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ