নতুন রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ দেবে সরকার
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে অনুমোদিত খসড়া আইন অনুসারে, প্রস্তাবিত রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে বিদ্যমান কর্মচারীদের পাশাপাশি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরও নিয়োগ দেয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন বিভাগটির কাঠামো নির্ধারণ করা হয়েছে খসড়া আইনটিতে। সেখানে বলা হয়েছে, ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক বিভাগের বিভিন্ন পদ বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডার এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ কর্মরত কর্মচারীদের দিয়ে পূরণ করা হবে’
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুটি পৃথক সত্তায় বিভক্ত করতে খসড়া আইনটি অনুমোদিত হয়েছে। বিভাগ দুটি হচ্ছে, রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।
সরকার গত বছরের ৯ অক্টোবর এনবিআরের প্রাক্তন চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মজিদ এবং নাসিরউদ্দিন আহমেদ এবং এনবিআরের প্রাক্তন সদস্য দেলোয়ার হোসেন ও আমিনুর রহমানকে নিয়ে সংস্কার কমিটি গঠন করে। করনীতি সংস্কার, কর প্রশাসনের উন্নতি, অটোমেশন এবং অন্য সংশ্লিষ্ট বিষয়ে সুপারিশ দিয়েছিল কমিটি।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সরকারের রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম এবং রাজস্ব আদায় ব্যবস্থাপনা কার্যক্রম পৃথক করা প্রয়োজন। রাজস্ব আদায়কে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দক্ষ করতে বর্তমান ব্যবস্থা পুনর্গঠন করে একটি রাজস্ব নীতি বিভাগ এবং একটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ তৈরি প্রয়োজন।
সংসদ ভেঙে যাওয়ার সাথে সাথে রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের অধীনে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ শিরোনামে অধ্যাদেশ জারি করবেন।
অধ্যাদেশ জারি হলে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা করবে সরকার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে