Views Bangladesh Logo

এলডিসি থেকে উত্তরণ ৩ বছর স্থগিত চেয়ে জাতিসংঘকে চিঠি

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ তিন বছরের জন্য স্থগিত করতে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে সরকার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীর সই করা চিঠি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির কাছে পাঠানো হয়েছে বলে ইআরডি সূত্রে জানা গেছে। আগামী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি কমিটির বৈঠকে বাংলাদেশের এ অনুরোধ পর্যালোচনা করা হবে।

চিঠিতে বলা হয়েছে, সরকার যে প্রস্তুতিকাল পেয়েছিল, তা মূলত কোভিড-পরবর্তী পাঁচ বছরের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবহারের কথা ছিল। কিন্তু এ সময়ে একাধিক বৈশ্বিক ধাক্কা অর্থনীতিকে প্রভাবিত করেছে।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম বেড়েছে, বিশ্বব্যাপী কঠোর মুদ্রানীতি গ্রহণ করা হয়েছে এবং বৈশ্বিক মন্দার প্রভাব পড়েছে। পাশাপাশি শিপিং খাতে সরবরাহ বিঘ্ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

এ ছাড়া অভ্যন্তরীণ অর্থনীতিতেও বিনিয়োগ হ্রাস, রাজস্ব প্রবৃদ্ধির নিম্নগতি এবং মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি কমে যাওয়ায় কাঠামোগত সংস্কারের গতি প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি বলে উল্লেখ করা হয়েছে।

ফলে এলডিসি উত্তরণ-পরবর্তী বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে প্রয়োজনীয় অবকাঠামোগত ও নীতিগত সমন্বয় পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে উচ্চমাত্রার অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে ইউরোপীয় বাজারে সাধারণ শুল্ক সুবিধার বিশেষ ব্যবস্থায় অন্তর্ভুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা এবং প্রধান বাণিজ্য অংশীদারদের নীতিগত পরিবর্তন বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতার ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। এসব ঝুঁকি মোকাবেলায় অতিরিক্ত সময় প্রয়োজন।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ তিন বছরের জন্য একটি ‘সংকট মূল্যায়ন’ পরিচালনা এবং সময় বাড়ানোর আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেব্রুয়ারির বৈঠকের পর প্রায় দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত হতে পারে। এরপর কমিটি তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ দেবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী সেপ্টেম্বরে।

বাংলাদেশ ১৯৭৫ সালে এলডিসিভুক্ত হয়। এলডিসি হিসেবে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধাসহ নানা সুযোগ পেয়ে এসেছে দেশটি। ২০১৮ ও ২০২১ সালের ত্রিবার্ষিক মূল্যায়নে তিনটি সূচকেই উত্তীর্ণ হওয়ার পর ২০২১ সালে সুপারিশ করা হয়, ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রস্তুতির সময় দুই বছর বাড়ানো হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ