জিরোনার কাছে বিধ্বস্ত বর্তমান চ্যাম্পিয়ন বার্সা
স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ৪-২ গোলে বিধ্বস্ত করে লা লিগা টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে জিরোনা। কাতালান প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ক্লাব ইতিহাসে এই প্রথমবারের মতো লিগে হারানোর কৃতিত্ব দেখাল জিরোনা।
এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান দখল করল জিরোনা। শনিবার রিয়াল বেটিসের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে সমান ৩৪ পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের চতুর্থ স্থানে নেমে গেছে বার্সেলোনা। জাভির দল জিরোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে।
ম্যাচের ১২তম মিনিটে আরটেম ডোভিক জিরোনাকে এগিয়ে দিয়েছিলেন। রবার্ট লেভানদোস্কির গোলে সমতায় ফিরে বার্সা। ৪০তম মিনিটে মিগুয়েল গুটিরেজ গোল করে সফরকারীদের আবারো এগিয়ে দেন। ম্যাচ শেষের ১০ মিনিট আগে ভালেরি ফার্নান্দেজ ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি টাইমে ইকে গুনডোগানের গোলে লড়াইয়ে ফিরে আসার ইঙ্গিত দেয় বার্সেলোনা। অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস্টিয়ান স্টুয়ানি পোস্টের খুব কাছ থেকে বল জালে জড়িয়ে জিরোনার শিরোপা জয়ের স্বপ্ন টিকিয়ে রাখল।
ম্যাচ শেষে জিরোনা কোচ মাইকেল বলেন, ‘আমরা এই মুহূর্তগুলো বেশ উপভোগ করছি। এই মুহূর্তে দলের সবাই বেশ মানসিকভাবে ইতিবাচক অবস্থানে আছে। আমি জানি না লা লিগা জয়ের মতো আমাদের ক্ষমতা আদৌ আছে কি না। কিন্তু আমরা যেকোনো প্রতিপক্ষকে হারানোর যোগ্যতা রাখি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে