প্রয়োজনে আন্দোলনের জন্য প্রস্তুত হন, দেশবাসীকে ফখরুল
দেশের ভেতরে ও বাইরে থেকে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত চলছে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের জনগণকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, 'আমরা এখন রাস্তায় নেই। আমরা ইফতার সামগ্রী ও ঈদের উপহার নিয়ে মানুষের কাছে যাচ্ছি। তাদের আনন্দে ও দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। তবে, যদি দল ও জনগণের স্বার্থে কোনো বাধা আসে, তাহলে আবারও রাস্তায় নামবে বিএনপি'।
শনিবার (২৯ মার্চ) রাজধানীর বাড্ডার বেরাইদে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণকালে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে তাদের দলের নেতাকর্মীরা মারাত্মক নির্যাতন সহ্য করেছেন।
'৩৬ দিনের আন্দোলন এবং রাজনৈতিক দল ও ছাত্রদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ৫ আগস্ট দেশের মানুষ শেখ হাসিনার শাসন থেকে মুক্তি পায়'- বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, 'অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রাথমিক দায়িত্বই ছিল, স্বল্প সময়ের মধ্যে সমান সুযোগ তৈরি করে জাতীয় নির্বাচন আয়োজন।’
তিনি আরও বলেন, 'কিন্তু যখনই আমরা নির্বাচন নিয়ে আলোচনা করি, অনেকেই দাবি করেন, বিএনপি কেবল নির্বাচনের বিষয়টি উত্থাপন করে। আমাদের পক্ষে তা করাই স্বাভাবিক। কেননা, আমরা আমাদের সব আন্দোলন-সংগ্রাম সেই লক্ষ্যেই করেছি।’
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখা ঈদুল ফিতরের আগে এই কর্মসূচির আয়োজন করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে