আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়
ঢাকা ও নারায়ণগঞ্জের টেংরা, শনির আখড়াসহ আশপাশের কয়েকটি এলাকায় আজ সোমবার(২জুন) ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
রোববার (১জুন) এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তরের কাজ চলার কারণে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস জানায়, এই সময়ে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানারপাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল ও মৃধাবাড়ী এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস ।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে