Views Bangladesh Logo

লাক্স সুপারস্টার থেকে টিভি নাটকের নায়িকা, নতুন যাত্রায় ইয়ুমনা

‘লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫’ মঞ্চের অন্যতম আলোচিত প্রতিযোগী নুসরাত আফরিন ইয়ুমনা। রিয়েলিটি শোর গণ্ডি পেরিয়ে এবার ছোটপর্দায় অভিনয়ের এক নতুন অধ্যায় শুরু করলেন এই তরুণী। ‘মনের মাঝে তুমি’ শিরোনামের একটি একক নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছে তার।

নাটকটিতে ইয়ুমনার বিপরীতে জুটি বেঁধেছেন অভিনেতা সাদ নাওভী। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। গত ২২ মে (শুক্রবার) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আই-এর পর্দায় নাটকটি আনুষ্ঠানিকভাবে প্রচারিত হয়েছে। শিগগিরই এটি ‘চ্যানেল আই প্রাইম’ ইউটিউব চ্যানেলেও অবমুক্ত করা হবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

অভিষেক নাটকের অভিজ্ঞতা শেয়ার করে ইয়ুমনা বলেন, ‘মনের মাঝে তুমি’ আমার ক্যারিয়ারের প্রথম নাটক। নতুন হিসেবে শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম। তবে নাওভী ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। তিনি ভীষণ সহযোগিতাপূর্ণ এবং পুরো শুটিংয়ে আমাকে অনেক গাইড করেছেন।

নাটকের গল্প প্রসঙ্গে এই নবাগতা জানান, এটি মূলত হালকা রোমান্টিক ঘরানার গল্প। যেখানে এক তরুণ প্রথম দেখাতেই একটি মেয়ের প্রেমে পড়ে। প্রথাগত প্রেমের বাইরে গিয়ে ছেলেটির মনে মেয়েটিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার সুপ্ত ইচ্ছা তৈরি হয়। তবে গল্পটি শুধু একপাক্ষিক নয়, এখানে বর্তমান যুগের মেয়েদের মনস্তত্ত্ব ও স্বাধীন চিন্তাভাবনাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

ইয়ুমনার ভাষ্য, আজকাল অনেক মেয়েই বিয়েকে একধরনের পরাধীনতা মনে করেন। কারণ তাদের ক্যারিয়ার, উচ্চশিক্ষা ও নিজস্ব স্বপ্ন থাকে। রক্ষণশীল মানসিকতার মুখোমুখি হলে সেই স্বপ্নগুলো বাধাগ্রস্ত হওয়ার ভয় কাজ করে। তবে এই নাটকে দেখানো হয়েছে, সঠিক মানুষের সঙ্গে বোঝাপড়া ও সম্মান থাকলে সম্পর্ক কখনো পরাধীনতা নয়, বরং জীবনকে আরও সুন্দর করে তোলে।

নির্মাতারা আশা করছেন, সমসাময়িক ও রোমান্টিক ঘরানার এই নাটকটি দর্শকদের মন জয় করবে। একই সঙ্গে প্রথম নাটক দিয়েই ইয়ুমনার এই নতুন যাত্রা দর্শকমহলে বেশ কৌতূহল তৈরি করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ