Views Bangladesh Logo

লেবানন থেকে দেশে ফিরছে ৩০ বাংলাদেশির চতুর্থ দল

 VB  Desk

ভিবি ডেস্ক

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফিরতে বৈরুতে বাংলাদেশ দূতাবাসে আবেদন করা প্রবাসী বাংলাদেশিদের ৩০ জনের চতুর্থ গ্রুপটি রোববার (২৭ অক্টোবর) বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা দিয়েছে।

বৈরুতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের বহনকারী বিমানটি সোমবার রাত ২টা ৪০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এতে বলা হয়েছে, আবেদনকারীদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের সব প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এর আগে, লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তি জারি করে আগ্রহী নাগরিকদের প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত হতে উৎসাহিত করে। এ পর্যন্ত তিন দফায় মোট ১৫০ জন লেবানন প্রবাসী দেশে ফিরেছেন। চতুর্থ দফায় ৩০ জন যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়াবে ১৮০ জন।

লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রত্যাবাসন প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে।

লেবাননে সংঘাত বাড়ার পরিপ্রেক্ষিতে আইওএম, ইউএন মাইগ্রেশন এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনে সরকারের সঙ্গে সহযোগিতা করছে এবং দেশে আগমনের পর তাদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান করছে।

লেবাননে আনুমানিক ৭০ হাজার থেকে এক লাখ বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে এর মধ্যে প্রায় ১৮ শ' জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। লেবাননে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ