Views Bangladesh Logo

নাশকতার মামলায় শার্শা প্রেস ক্লাবের সাবেক সভাপতি গ্রেপ্তার

নাশকতার মামলায় যশোরের শার্শা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) দিবাগত রাতে উপজেলার জামতলার নিজ বাসভবন থেকে সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে আটক করা হয় এবং পরে একটি নাশকতার মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর সোমবার বিকেলে তাকে হাতকড়া পরিয়ে যশোর আদালতে হাজির করা হয়।

স্থানীয় সাংবাদিক ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে ডিবি পরিচয়ে একদল লোক আসাদুজ্জামান আসাদের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে এবং আসাদকে আটক করে নিয়ে যায়। এ সময় তার কলেজপড়ুয়া ভাগ্নে তরঙ্গকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে তরঙ্গকে ছেড়ে দেওয়া হলেও আসাদকে শার্শা থানায় সোপর্দ করা হয়।

এদিকে আসাদকে বিনা গ্রেপ্তারি পরোয়ানায় আটকের খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালে স্থানীয় গণমাধ্যমকর্মীরা শার্শা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বেনাপোল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব বলেন, ‘কোনো সুনির্দিষ্ট ওয়ারেন্ট ছাড়াই তাকে গভীর রাতে তুলে আনা হয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক।’ একটি নির্বাচিত সরকারের আমলে প্রবীণ সাংবাদিককে এভাবে হয়রানি করা সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ বলে অ্যাখা দেন স্থানীয় সাংবাদিক জামাল হোসেন ও মনির হোসেন। তারা বলেন, এতে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

আদালতে নেওয়ার সময় সাংবাদিক আসাদুজ্জামান আসাদ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ২০২৩ সাল থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে এসেছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, আসাদুজ্জামান আসাদ শার্শা উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটিতে সাংগঠনিক সম্পাদক ছিলেন। সে হিসেবে নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ