ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের অবস্থা 'খুবই ঝুঁকিপূর্ণ’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সার্বিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তাকে এখন যেকোনো পরিবর্তনের জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, খবর ইউএনবি।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল অথবা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সিঙ্গাপুরের হাসপাতালে প্রয়োজনীয় কাগজপত্রও পাঠানো হয়েছে। ঢাকার চিকিৎসকরা অনুমতি দিলে তার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে পাঠানো হবে।
বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের লাইফ সাপোর্টে রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা ক্লাবে অবস্থানকালে হঠাৎ তিনি পড়ে যান। এরপর জ্ঞান হারানো ও বমি শুরু হলে তাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার মস্তিষ্কের পরীক্ষায় 'রাইট সাইডেড অ্যাকিউট অন ক্রোনিক সাব ডিউরাল হেমাটোমা' ধরা পড়ে, যা গুরুতর অবস্থার নির্দেশ করে। দ্রুত তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে রেফার করা হয়। সেখানে ভর্তি হওয়ার পর তার অবস্থার অবনতি ঘটে এবং তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়।
আরেফিন সিদ্দিক ২০০৯ সালের ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১৩ সালে রাষ্ট্রপতির মাধ্যমে পুনরায় নির্বাচিত হন। ১৯৫৩ সালের ২৩ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণকারী তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও এমএ ডিগ্রি অর্জন করেন।
তিনি দীর্ঘদিন ধরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে কর্মরত ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে