কাকরাইল মসজিদের সামনের সড়কে সাদপন্থিদের অবস্থান
আসন্ন বিশ্ব ইজতেমায় ভারতীয় মাওলানা সাদকে আসতে দেয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা।
সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে হাজার হাজার মুসল্লি কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মাওলানা সাদকে ইজতেমার দ্বিতীয় পর্বে আসতে দেয়ার জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তার সমর্থকরা। কিন্তু সাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় পুলিশ বাধা দেয়। এতে সড়কেই অবস্থান নেন তারা।
এমতাবস্থায় প্রধান উপদেষ্টার বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘এই এলাকায় রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকেন। স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে। এ ছাড়াও মাওলানা সাদের সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের পাশাপাশি যেকোনো সহিংসতা রোধে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।’
আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে