পানিদূষণ ও জলাশয় ভরাটে মাছ উৎপাদন ঝুঁকিতে: উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জলাশয় ভরাটে মাছ উৎপাদন ঝুঁকির মুখে।
‘দুর্ভাগ্যবশত, কৃষিতে কীটনাশকের ব্যবহার বেড়ে আমাদের নদীগুলো দূষিত হয়ে পড়েছে। যদি এটি অব্যাহত থাকে, তাহলে মাছেরা বাঁচবে না’- বলেন তিনি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য উদ্যোক্তা শীর্ষ সম্মেলনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তায় জোর দেন তিনি।
দেশের মৎস্যখাতে উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং তরুণ উদ্যোক্তাদের অগ্রগতি প্রচারের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।
মৎস্যচাষকে শিল্পে রূপান্তরিত করলে এর মৌলিক স্বভাব ধ্বংস হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবেও শিল্পখাদ্য উৎপাদনের ক্ষতিকারক প্রভাব দেখছি, যা নানা উপায়ে মৎস্যচাষকে ক্ষতিগ্রস্ত করছে’।
নতুন প্রজন্ম মাছের চেয়ে মুরগির মাংসে বেশি নির্ভরশীল হয়ে উঠছে বলেও মন্তব্য করেন ফরিদা আখতার।
তিনি বলেন, ‘আমরা বলি যে, বাঙালিরা ভাত এবং মাছে বেশি নির্ভরশীল। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম কী সত্যিই এটি অনুসরণ করছে? তারা বরং ভাত ও মুরগির মাংসে ঝুঁকছে বলে মনে হচ্ছে। তাদের অনেকেই ডিম বা মাংস ছাড়া খাবার খেতে অনিচ্ছুক। আমাদের নতুন প্রজন্মকে আরও মাছ খেতে উৎসাহিত করতে হবে’।
শিশুদের খাদ্যতালিকায় ছোট মাছ অন্তর্ভুক্ত করার গুরুত্বেও জোর দেন উপদেষ্টা।
‘শিশুদের হাড়যুক্ত মাছ খেতে শেখানো উচিত। মাছের জনপ্রিয়তা বাড়ানোর প্রচেষ্টা করা উচিত’- বলেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে