Views Bangladesh Logo

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে চলতি সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে সংস্থাটির।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

রোডম্যাপ অনুযায়ী গত ২০ অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার কারণ জানতে চাইলে সচিব বলেন, “তালিকা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল, সেগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার সকালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে তিনি বলেন, “মাঠ পর্যায় থেকে কিছু অতিরিক্ত তথ্য এসেছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আশা করছি, এ সপ্তাহের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে পারব। কারণ, আমাদেরও দায়বদ্ধতা রয়েছে।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক বরাদ্দের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, “প্রতীকের বিষয়ে পরে জানানো হবে।”

রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “সব কাজ শতভাগ সম্পন্ন করা সম্ভব হয় না। কিছু ক্ষেত্রে সমন্বয় করতে হয়, কিছু কাজ আগেই শেষ হয়েছে, কিছু বিষয়ে অপেক্ষা করতে হচ্ছে। তবে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।”

শনিবার রাতে নির্বাচন কমিশন ভবনের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “পুলিশ ইতোমধ্যে একজনকে আটক করেছে। প্রয়োজনে ইসি মামলা করবে।”

এছাড়া, আরপিও (নির্বাচন পরিচালনা আইন) সংশোধনের বিষয়ে বিএনপির আপত্তির চিঠি প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি থেকে চিঠি পাওয়া গেছে, কমিশন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে।”

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক সম্পর্কে সচিব জানান, তারা বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি, প্রবাসীদের ভোটার নিবন্ধন, নির্বাচনে প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ