জুলাই গণঅভ্যুত্থানের অডিও-ভিজ্যুয়াল দলিল সংরক্ষণে কাজ করবে ফিল্ম আর্কাইভ: তথ্যসচিব
জুলাই মাসের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে তৈরি অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি একটি অগ্রাধিকার প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
শনিবার (১৭ মে) আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সচিব মাহবুবা ফারজানা বলেন, “বাংলাদেশ ফিল্ম আর্কাইভ একটি ঐতিহ্যবাহী ও বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে ভিজ্যুয়াল তথা চিত্রভিত্তিক গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণের দায়িত্ব পালন করে আসছে। প্রজন্ম থেকে প্রজন্মে সঠিক ইতিহাসের প্রবাহ রক্ষায় এ আর্কাইভ নির্ভরযোগ্য তথ্য উপস্থাপনে কাজ করবে।”
তিনি আরও জানান, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটির সক্ষমতা আরও বাড়ানো হবে। এ লক্ষ্যে ফিল্ম ভল্ট ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, “অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে ফিল্ম আর্কাইভ আজ একটি আধুনিক ও সুসংগঠিত প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও সময়কে ধারণ করে যে চলচ্চিত্র, তা সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব এই প্রতিষ্ঠান নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে।”
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত অডিও-ভিজ্যুয়াল দলিল সংরক্ষণের জন্য যেই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে, সেটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি এবং ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ প্রকল্পের সাবেক পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক।
আলোচনা সভার আগে ফিল্ম আর্কাইভের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়, যেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে