চুয়াডাঙ্গায় ছেলের হাতে বাবা খুন
চুয়াডাঙ্গায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে নিহত হলেন বাবা। শনিবার (২৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার পালাশপাড়ায় এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম দোদুল হোসেন (৫৩)। তিনি ইতালির প্রবাসী ছিলেন।
জানা গেছে, নিজ বাড়িতে নামাজ আদায় করার সময় দোদুল হোসেনের ছেলে রিফাত পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ১৭ বছরের ছেলে রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলেদুর রহমান জানান, "দোদুল হোসেন তার ছেলেকে মোবাইল গেম খেলতে নিষেধ করেন এবং মোবাইলটি নিয়ে নেন। এতে ক্ষুব্ধ হয়ে রিফাত তার বাবাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় দোদুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারেক জুনায়েদ জানান, ‘নিহতের শরীরে গভীর ক্ষত ছিল। যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।’
ওসি খলেদুর রহমান আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এখনো এ ঘটনায় কোনো মামলা দায়ের করা না হলেও তদন্ত চলমান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে