চট্টগ্রামে বাম নেত্রীকে লাথি: জামায়াত কর্মী আকাশের জামিন
চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে বাম নেত্রীকে লাথি মেরে কারাগারে যাওয়া বহিষ্কৃত জামায়াত কর্মী আকাশ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আগামী ১৫ জুন থেকে প্রতিদিন আদালতে হাজিরা দেয়ার শর্তে তাকে এ জামিন দেয়া হয়েছে।
বুধবার (৪ জুন) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ জামিন আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আকাশ চৌধুরীর জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। তবে আগামী ১৫ জুন থেকে তাকে প্রতিদিন আদালতে হাজিরা দিতে হবে।
জানা গেছে, গত ২৮ মে বিকাল সাড়ে ৩টার দিকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ বাতিলের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোটের পূর্বঘোষিত কর্মসূচিতে হামলা চালায় ‘এন্টি শাহবাগ মুভমেন্ট’ নামে একটি সংগঠন।
হামলার সময় ঘটনাস্থল থেকে এক ছাত্রসহ দুজনকে আটক করে পুলিশ। দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পরে হামলার একটি ১৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, হামলার পর গণতান্ত্রিক ছাত্রজোটের নেতা-কর্মীরা প্রেসক্লাব সংলগ্ন চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে আশ্রয় নেন। এ সময় পুলিশের উপস্থিতিতেই আকাশ চৌধুরী সেখানে গিয়ে এক নারীকে এবং পরে আরেক নারীকে লাথি মারেন। ভিডিওটি ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ঘটনার পর জামায়াতে ইসলামী আকাশ চৌধুরীকে তাদের কর্মী স্বীকার করে দল থেকে বহিষ্কার করে। এরপর গত রোববার বিকেল পৌনে ৩টার দিকে নগরের কোতোয়ালীর লালদিঘি মাঠ এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেদিনই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে