শেখ হাসিনাকে ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্টের অভিনন্দন
টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী পদে পুননির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।
বুধবার(২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের অভিনন্দন বার্তার বিষয়টি জানিয়েছে।
প্রধানমন্ত্রীকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আপনার দেশের একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী অংশীদার। আমরা টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বার্তায় তিনি বলেছেন, 'আমাদের সহযোগিতা বিস্তৃত ও আধুনিকীকরণের লক্ষ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শিগগিরই শুরু হবে।’
তিনি আরও বলেন, 'এই চুক্তি আগামী বছরগুলোতে আমাদের সম্পর্কের জন্য একটি দৃঢ় কাঠামো নির্ধারণ করবে।’
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট বলেন, 'বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের কাঠামোর আওতায় ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের অভিন্ন অগ্রাধিকারগুলো সমুন্নত রাখতে এবং আমাদের সম্পর্কের ভিত্তি উন্নয়নে কাজ করে যাবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে