নির্বাচন সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হচ্ছে: ব্যারিস্টার সুমন
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় চুনারুঘাটের হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটা দেন তিনি। এ সময় সকলের দোয়া প্রার্থনা করে তিনি বলেন, ‘সারাদেশে স্বতন্ত্র প্রার্থিদের মধ্যে আমিই মনে হয় বেশি সাড়া পেয়েছি।’
ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি খুব টেনশনে ছিলাম। এ কদিন খুব ঠান্ডা ছিল, কুয়াশা ছিল। তবে আজকে সকাল থেকেই সূর্যের আলো দেখা যাচ্ছে। তাই আমাদের এলাকাও আজকের দিনে আলোকিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হচ্ছে। সারাদেশে আমিই বোধ হয় বেশি সাড়া পেয়েছি। একে অভূতপূর্ব বলা যায়।’
ব্যারিস্টার সুমন বলেন, ‘ঘাম কখনও প্রতারণা করে না। আমি যে পরিমাণ ঘাম ফেলেছি, সেটিই আমাকে আত্মবিশ্বাসী করেছে।’
উল্লেখ্য, হবিগঞ্জে মোট ৯টি উপজেলা ও ৬টি পৌরসভা রয়েছে। মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ১ হাজার ৬৬০ জন। পুরুষ ভোটার ৮ লাখ ৫৯ হাজার ৬০৯ জন, মহিলা ৮ লাখ ৪২ হাজার ৩৮ জন ও হিজরা ১৩ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ৬৩৫টি। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ৬১টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে